রাজধানীতে ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে মাদ্রাসা ভবনের চতুর্থ তলার ছাদ থেকে পড়ে আহত মাদ্রাসা শিক্ষার্থী মো. রাকিবুল হাসানের (১১) মৃত্যু হয়েছে। রাকিবুল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের আনিসুর রহমানের ছেলে। সে হাজারীবাগ আলআমিন এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে থাকতো। ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

শনিবার (২০ মে) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় হাজারীবাগ মডেল টাউন শাহজাহান স্যার রোডে এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ২০৪ নম্বর ওয়ার্ডে সকালে রাকিবুলের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাকিবুলের বাবা আনিসুর রহমান বলেন, ‘যতটুকু জানতে পেরেছি শুক্রবার বিকালে ওই মাদ্রাসার তৃতীয়তলার ছাদে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিচে পড়ে যায় রাকিবুল। পরে মাদ্রাসার শিক্ষকরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে হাসপাতালে এসে ছেলেকে গুরুতর অবস্থায় দেখতে পাই। সেখান চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।