চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪৪ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি থেকে অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
উদ্বোধনের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শরমিন আকতার ছেলে সন্তান জন্মদেন।
জানা যায়, ১৯৮০সালে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হয় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০১৫ সালে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে অনুমোদন লাভ করে। বর্তমানে হাসপাতালে বহিঃবিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগ, প্রসুতি বিভাগ, ল্যাবরেটরি, এক্স রে ,ই সি জি, আলট্রাসনোগ্রাফি বিভাগ, দন্ত বিভাগ চালু আছে। এখানে বিভিন্ন কর্নারের মাধ্যমে সেবা প্রদান সহজিকরন করা হয়েছে। এখানে রয়েছে আই এম সি আই কর্নার, অসংক্রামক রোগ চিকিৎসা কর্নার, প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী কর্নার, ই পি আই কর্নার, জরায়ু মুখ ক্যান্সার ও স্তন ক্যানার পরীক্ষা কর্নার, যক্ষ্মা রোগীদের চিকিৎসা কর্নার। স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে সুলতানপুরে একটি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ৪৪ টি কমিউনিটি ক্লিনিকসহ ১০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার রয়েছে।
প্রতিষ্ঠার ৪৪ বছর পর অপারেশন থিয়েটার চালু হওয়ায় আনন্দিত স্থানীরা। অপারেশন থিয়েটার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন ধর।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিদুয়ানুল ইসলাম, ওসি জাহিদ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। এসময় সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার প্রতিটি মানুষের মৌলিক চাহিদার নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য সেবা খাতে রাউজান আরও একধাপ এগিয়ে গেছে। শহরের সেবা এখন গ্রামে পাওয়া যাবে বিনামূল্যে।
প্রসঙ্গত, স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র উপ-প্রকল্প দ্বারা ১১ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা ব্যয়ে আধুনিক অপারেশন কক্ষ, ওটি লাইট, অ্যানসথেসিয়া মেশিন, এসিহহ অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করেছে রাউজান উপজেলা পরিষদ, অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও জাইকা। ঠিকাদারি প্রতিষ্ঠানের হচ্ছে গ্লোবাল মেড ইকুইপমেন্ট।