চট্টগ্রামের রাউজানে গাছের ডাল পড়ে মো. শফি (৩৫) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফি রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকির টিলা সংলগ্ন এলাকার মো. মফিজের ছেলে। তিনি ৩ মেয়ে ১ ছেলে সন্তানের জনক।
স্থানীয় লোকজন জানান, দৈনিক চুক্তিভিত্তিক পারিশ্রমিকের বিনিময়ে হলদিয়া ইউনিয়নের খোরশেদ সওদাগর নামে এক গাছ ব্যবসায়ীর কেনা গাছ কাটতে হলদিয়া গ্রামে যান শফি। সেখানে গাছের ডাল পড়ে দিনমজুর শফি গুরুতর আহত হন৷ স্থানীয়রা উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, গাছের ডাল পড়ে গাছ কাটা শ্রমিক শফি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়।