রহস্যময় লুকে মেহজাবীন!

টিভি নাটকের কুইনখ্যাত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বর্তমানে অবকাশযাপন করছেন যুক্তরাষ্ট্রে।  কয়েক দিন ধরে সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরছেন, আর বিভিন্ন মুহূর্ত ক্যামেরায় ধারণ করে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন।

কিন্তু শুক্রবার (১৪ জুলাই) বিকালে হঠাৎ চমকে দিলেন তিনি।  একটি পোস্টারে একেবারে ব্যতিক্রম রূপে হাজির হয়েছেন মেহজাবীন।  তার মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখের কাজল বেয়ে পড়ছে নিচের দিকে।

পোস্টারে লেখা- ‘আমি কী তুমি?’।  খোঁজ নিয়ে জানা গেলো, এটি একটি ওয়েব সিরিজ।  নির্মাণ করেছেন ভিকি জাহেদ।  সেটার ফার্স্টলুক পোস্টারেই এমন চমকে দিলেন মেহু।

মেহজাবীন পোস্টারটি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, “আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনও শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ হতে পারে না।  উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা। ”

মার্কিন মুলুকে থাকায় সিরিজটি নিয়ে মেহজাবীনের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।  তবে নির্মাতা ভিকি জাহেদ গণমাধ্যমকে জানান, ‘এটা আমার একটা ভিন্নধর্মী কাজ।  সাম্প্রতিক সময়ে আমার নির্মাণে থ্রিলার-হরর ধাঁচের কাজে বেশি দেখা গেছে।  এবার একটু ভিন্ন পথে হাঁটলাম।  এই ওয়েব সিরিজে দর্শক রোম্যান্স-ড্রামা-ট্র্যাজেডি-কমেডি অনেক কিছুর স্বাদ পাবেন। আর আমার স্বভাবজাত সাসপেন্স-থ্রিল তো থাকছেই। ’

‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে থাকছে সাতটি পর্ব।  এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।  তবে তার সঙ্গে আর কে কে অভিনয় করেছেন, তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।  রহস্যের ধারা অব্যাহত রেখে ক্রমশ তাদের পরিচয় করানো হবে।  শিগগিরই এটি ওয়েব প্ল্যাটফর্ম আই-স্ক্রিনে মুক্তি পাবে।