মুসল্লিদের কাছে পবিত্র রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। তাই রমজানের জুমার জামাতে অন্য সময়ের চেয়ে কয়েকগুণ বেশি মুসল্লি অংশ নেন। প্রখর রোদ উপেক্ষা করেই রাজধানী অন্যতম বড় জুমা জামাতটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদে।
নামাজের আগে মসজিদে মসজিদে দেওয়া হবে বিশেষ খুতবা। আজ বায়তুল মোকাররমে খুৎবা পেশ করবেন খতিব মুফতি রুহুল আমীন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
শুধু বায়তুল মোকাররম নয়, রমজানের প্রথম জুমায় রাজধানীর মসজিদে-মসজিদে ঢল নেমেছিল মুসল্লিদের। কোথাও-কোথাও মসজিদের ভেতরে মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান না হওয়ায় বাইরে নামাজ পড়তে দেখা গেছে।
বায়তুল মোকাররমে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মসজিদে আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।
নাজামের শুরুতে জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন খুতবায় রমজানের আমলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি নামাজের পাশাপাশি যাকাত আদায়ের গুরুত্ব ও কারা যাকাতের প্রথম হকদার তা তুলে ধরেন।
মুফতি রুহুল আমীন বলেন, এই মাস হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। এই মাসে কোরআন তেলোয়াতের ফজিলত অনেক বেশি। তাই আমাদের উচিত সহীহ্ভাবে এই মাসে বেশি-বেশি কোরআন তেলোয়াত করা। জাহান্নামে আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য এই রমজান সবার কাজে আসবে বলেও উল্লেখ করেন তিনি। রমজানের তারাবির গুরুত্ব তুলে ধরে মুফতি বলেন, যারা শারীরিক সমস্যাসহ নানা কারণে কোরআন খতমের তারাবি পড়তে পারেন না, তারা সূরা তারাবি পড়বেন। কিন্তু নামাজ বাদ দেবেন না।
এদিকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় চট্টগ্রামেও মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। শুক্রবার দুপুর ১২টার পর থেকে নগরীর মসজিদগুলোতে মুসল্লিদের ছুটেতে দেখা গেছে। চট্টগ্রামের বিশ্ব মসজিদ জমিয়তুল ফালাহ জামে মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ছিল চোখে পড়ার মত মুসল্লিদের ভিড়। খুৎবা শুরুর আগে মসজিদগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে অনেকে মসজিদের বাইরে, এমনকি রাস্তায় নামাজ পড়তে দেখা গেছে।মসজিদের বারান্দা ও পাশের এলাকাজুড়ে ছিল মুসল্লিদের ভিড়। নগরীর প্রায় সব মসজিদে ছিল মুসল্লির ভিড় ছিল চোখে পড়ার মতো। এ দিন মসজিদে-মসজিদে খুতবায় রমজানের তাৎপর্য তুলে ধরে বয়ান করা হয়। প্রথম জুমার নামাজের বিশেষ দোয়া করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে রমজান মাসের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মসজিদগুলোতে এশার নামাজ শুরু হয়। পরে শুরু হয় ২০ রাকাত তারাবির নামাজ।