যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি যুবক। মঙ্গলবার (১৮ জুলাই) মিসৌরি অঙ্গরাজ্যে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান তিনি। নিহত যুবকের নাম ইয়াজ আহমেদ।

পুলিশ জানায়, সেন্ট লুইস শহরের একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন ইয়াজ। তখন বাইরে পার্ক করা তার গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী। এ সময় ইয়াজ তাদের বাধা দিলে বন্দুকধারী এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। ইয়াজকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। সন্দেহভাজন ১৯ বছর বয়সী এক তরুণকে খুঁজছে নিরাপত্তা বাহিনী।