মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যস্ত রাস্তায় ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। এতে হতাহত হয়েছেন অন্তত সাত জন। ফ্লোরিডার হলিউড বিচের বোডওয়াকে এই ঘটনা ঘটেছে। তবে এদের মধ্যে কতজন নিহত হয়েছে বা গুলিবিদ্ধদের অবস্থা কী তা জানায়নি কর্তৃপক্ষ।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৮টার কিছু আগে মেমোরিয়াল ডে উইকএন্ডে মিয়ামির কাছে হলিউড বিচের উত্তর বোর্ডওয়াকের ১২০০ ব্লক এলাকায় গোলাগুলি শুরু হয়। হতাহতদের মধ্যে অন্তত তিনজন নাবালক বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ বলেছে যে, দুটি গ্রুপের মধ্যে একটি বিবাদ সহিংসতায় রূপ নেয়। আহতদের মধ্যে শিশুও রয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।হলিউড পুলিশের মুখপাত্র ডিয়ানা বেটিনেশি একটি রাতের সংবাদ সম্মেলনে বলেছেন, একজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং একজন সন্দেহভাজন ব্যক্তির খোঁজ করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিওতে গুলি চালানোর মুহূর্ত দেখা গেছে। মার্গারিটাভিল রিসর্টের কাছে বন্দুকের গুলির আওয়াজ শুরু হলে মানুষ ছোটাছুটি শুরু করে। ঘটনার কিছুক্ষণ পরই জরুরি কর্মীরা রাস্তায় আহতের বেশ কয়েকজনে চিকিৎসা দেয়ার চেষ্টা করেন।
স্থানীয় ১০নিউজ জানিয়েছে, পুলিশকে বেশ কয়েকজন ব্যক্তিকে হাতকড়া পরাতেও দেখা গেছে। হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
হাসপাতালের কর্মকর্তারা বলছেন যে, বেশ কিছু নাবালককে চিকিৎসা দেয়া হচ্ছে।
মেমোরিয়াল হেলথ কেয়ার সিস্টেমের মুখপাত্র ইয়ানেট ওবারিও সানচেজ এনবিসি মিয়ামিকে জানিয়েছেন, মেমোরিয়াল রিজিওনালের ট্রমা সেন্টারে অন্তত পাঁচজন আক্রান্তকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা অজানা।
হলিউড বিচের মেয়র জোশ লেভি দক্ষিণ ফ্লোরিডা সান সেন্টিনেলকে বলেছেন যে, প্যারামেডিকরা ঘটনাস্থলে রয়েছে এবং কিছু ভুক্তভোগীকে হাসপাতালে নেয়া হয়েছে।
কর্মকর্তারা বলেছেন যে সোমবার রাতে তদন্ত অব্যাহত থাকায় ঘটনাস্থলে ভারী পুলিশ উপস্থিতি অব্যাহত থাকবে।
এনবিসি শিকাগো জানিয়েছে, সপ্তাহান্তে দীর্ঘ ছুটিতে শিকাগোতে গোলাগুলিতে আটজনেরও বেশি লোক নিহত এবং কমপক্ষে ৩২ জন আহত হয়েছে।
পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণ অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন প্রায় ৫৭টি বন্দুক-সম্পর্কিত হত্যাকাণ্ড ঘটে।
শুক্রবার বিকেলে বাল্টিমোরে দুই ব্যক্তির মধ্যে তর্কযুদ্ধ বন্দুকযুদ্ধে রূপ নেয়। এতে অন্তত ৫ জন গুলিবিদ্ধ হন। নিহত পাঁচজনের পরিচয় প্রকাশ্যে পাওয়া যায়নি।
অ্যারিজোনার মেসায় শুক্রবার বিকেল থেকে শনিবারের প্রথম দিকে একাধিক গুলির ঘটনায় পুলিশ আইরেন বায়ার্স (২০) নামের একজনকে হেফাজতে নিয়েছে। পুলিশ জানিয়েছে, বায়ার্সের বিরুদ্ধে চারজনকে হত্যা এবং একজনকে আহত করার অভিযোগ রয়েছে।
শনিবার সিয়াটেলের রক্সবেরি লেনস ক্যাসিনোতে গুলি চালানো হয়। পুলিশ এখনও সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করতে পারেনি।
নিউ মেক্সিকোর রেড রিভারে শনিবার সন্ধ্যায় গুলিতে একটি মোটরসাইকেল শোতে গুলির ঘটনায় তিনজন নিহত এবং সন্দেহভাজনসহ আরও পাঁচজন আহত হয়। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
ক্যালিফোর্নিয়ার গার্ডেন গ্রোভের হট রেস্তোরাঁ এবং লাউঞ্জে শনিবার সন্ধ্যায় গুলিতে তিনজন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজন গুরুতর। গার্ডেন গ্রোভ পুলিশ সার্জেন্ট নিক জেনসেন বলেছেন, বন্দুকধারী গুলি চালানোর আগে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে।
এদিকে আটলান্টায় রোববারের প্রথম দিকে বেঞ্জামিন ই. মেস হাই স্কুলে একটি জমায়েতে গুলি চালানো হয়। এতে একজন কিশোর নিহত এবং অন্য একজন আহত হয়েছে। আটলান্টা পাবলিক স্কুলগুলি এক বিবৃতিতে এর সত্যতা নিশ্চিত করেছে।
এছাড়াও রোববার ওয়াশিংটন ডিসির নেভি ইয়ার্ড স্টেশনে একটি গ্রীন লাইন ট্রেনে গুলিতে একজন নিহত হয়েছেন। মেট্রো ট্রানজিট পুলিশ টুইটবার্তা জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত প্রাপ্তবয়স্ক পুরুষকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়েছিল।’
ওয়াশিংটনের সহকারী পুলিশ প্রধান আন্দ্রে রাইট বলেছেন, বন্দুকধারী এবং ভুক্তভোগী ট্রেনে ঝগড়ায় জড়িয়ে পড়েন। রাইট বলেন, ভুক্তভোগী তার শরীরের উপরের অংশে ‘অনেক গুলির ক্ষত’ রয়েছে।