যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘পরমাণু যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় যুদ্ধের ৭৩তম বার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ংয়ে গণসমাবেশ করেছে এশিয়ার দেশটি। আয়োজিত সমাবেশে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে ‘প্রতিশোধ যুদ্ধের’ স্লোগান দেন বিক্ষুব্ধরা।

সোমবার (২৬ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ- এ তথ্য জানায়।

কেসিএনএ জানিয়েছে, রবিবার রাজধানী জুড়ে প্রায় ১ লাখ ২০ হাজার শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থী অংশ নেয় অনুষ্ঠিত সমাবেশে। রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি বিশাল স্টেডিয়ামে প্রচুর মানুষ জড়ো হয়। হাতে লেখা প্ল্যাকার্ডে ছিল, ‘যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ড আমাদের হামলার গোলার আওতার মধ্যে। সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র শান্তি ধ্বংসকারী।’

গত ৩১ মে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টায় ব্যর্থ হয় উত্তর কোরিয়া। যেটি সাগরে বিধ্বস্ত হয়। পিয়ংইয়ংয়ের ওপর যুক্তরাষ্ট্র যে সামরিক কার্যকলাপ চালাচ্ছে তার নজরদারি বাড়াতে প্রথম গুপ্তচর কৃত্রিম উপগ্রহ আবারও পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি। তবে এই প্রচেষ্টায় সফল হবে কিনা তাতেও উদ্বেগ রয়েছে কিম জন উন প্রশাসনের।

দেশটির এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টাকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র, মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়া।

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ বছর রেকর্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া। ফলে কোরীয় উপদ্বীপটিতে উত্তেজনা তুঙ্গে। সূত্র: রয়টার্স