সড়ক দুর্ঘটনায় হতাহতদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল শনিবার সকালে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। নিহত ব্যক্তির পরিবারকে ১০ লাখ টাকা এবং আহত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান তিনি।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা তহবিল থেকে নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা ও আহতদের তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার বিধান আছে। বিআরটিএ’র তথ্য অনুসারে এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার হাজার ১৬টি সড়ক দুর্ঘটনায় তিন হাজার ৭২৭ জন নিহত ও পাঁচ হাজার ৭৮১ জন আহত হয়েছেন। সে হিসেবে নিহত ব্যক্তির উত্তরাধিকারীরা ১৮৬ কোটি ৩৫ লাখ টাকা এবং আহত ব্যক্তিরা ১৭৩ কোটি ৪৩ লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে ১৬২ জনকে সাত কোটি আট লাখ টাকার ক্ষতিপূরণ দেয়া হয়েছে। তিনি জানান, ই-ট্রাফিকিং সিস্টেম চালু করা গেলে সড়কে দুর্ঘটনা ৮০ শতাংশ কমে আসবে। সরকারের নির্বাচনী অঙ্গীকার থাকলেও সড়ক নিরাপত্তায় দৃশ্যমান কোনো কার্যক্রম নেই।
সংবাদ সম্মেলনে তিনি সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তার আবেদনের সময়সীমা দুর্ঘটনার তারিখ থেকে এক মাসের পরিবর্তে ন্যূনতম এক বছর, তহবিলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত ও মালিক শ্রমিক সংগঠনের প্রভাবমুক্ত রাখার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি তাওহিদুল হক লিটন, যুগ্ম মহাসচিব মনিরুল হক, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।