রাজধানীর সদরঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং কোস্ট গার্ডের ডুবুরি দল।
রবিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাত সোয়া ৮টায় এই দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ৮টা ১৫ মিনিটে আমাদের কাছে খবর আসে কেরানীগঞ্জ থানাধীন বুড়িগঙ্গা নদীর তেলঘাট এলাকায় একটি ওয়াটার বাস যাত্রীসহ ডুবে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার থেকে ১টি ইউনিট ডুবুরিসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এটি তীরের কাছাকাছি ডুবেছে বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ লোক তীরে উঠে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে ২ পুরুষ এবং ১ শিশুকে।
বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাসটি ডুবে গেছে বলে জানান তীরে উঠে আসা কয়েকজন যাত্রী। ওয়াটার বাসটিতে ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে জানান তারা।