২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনলাইনে ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টার কিছু সময় পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করা হয়।
ফলাফল হস্তান্তরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবারের ফলাফলে মেয়েদের পাসের হার বেশি। কেনো ছেলেরা পিছিয়ে পড়ছে তা খুঁজে বের করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, এইচএসসিতে এবার ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ৩ দশমিক ৮ শতাংশ বেশি। নির্ধারিত সময়ে ফল ঘোষণা করায় শিক্ষা মন্ত্রণালয়ের সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
ফল হস্তান্তরের সময় শিক্ষামন্ত্রী দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বেলা ১১টা থেকে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। এ সময় থেকে যে কেউ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারবেন। পরে বেলা ২টায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।