মেঘনা থেকে চাঁদপুর শহর রক্ষা বাঁধের ব্লকে ধস, দুশ্চিন্তায় বাসিন্দারা

মেঘনা নদীর স্রোতে চাঁদপুর শহর রক্ষা বাঁধের ৫৬ মিটার এলাকায় ব্লক ধসে পড়েছে। এতে শতাধিক পরিবারের বসতবাড়ি এখন ভাঙন হুমকির মুখে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। জরুরি ব্যবস্থা নিতে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল সকালে ব্লক ধস নিয়ন্ত্রণে আনতে জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক জানান, গত সোমবার রাতে শহর রক্ষা বাঁধের বকুলতলা নামক স্থানে বেশকিছু ব্লক ধসে পড়ে। স্থানীয় লোকজন বিষয়টি তাদের জানান। ব্যবস্থা গ্রহণে রাতেই তারা প্রস্তুতি নেন।

গতকাল সকালে পানি উন্নয়ন বোর্ড পূর্ব রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড (পূর্বাঞ্চল) কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন, চাঁদপুর পৌর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল খায়ের।

মনিরুজ্জামান বলেন, ‘শহর রক্ষা বাঁধের যমুনা রোড বকুতলা এলাকায় হঠাৎ ৫৬ মিটারজুড়ে ধস দেখা দেয়। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নজরে এলে পদক্ষেপ নেয়া হয়। এরই মধ্যে প্রায় ১ হাজার ৫০০ জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। বর্তমানে দুটি বাল্কহেডের মাধ্যমে ডাম্পিং কার্যক্রম চলমান। ভাঙন আপাতত বন্ধ। এ অংশ এখন ঝুঁকিমুক্ত। আমাদের কাজ অব্যাহত থাকবে। তবে তেমন ক্ষতির আশঙ্কা নেই।’

এর আগেও যমুনা রোডের টিলাবাড়ির সামনে সিসি ব্লক দেবে গিয়েছিল। সেখানে এখনো ভাঙন আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যেই ওই এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে দুশ্চিন্তায় আছেন নদীপাড়ের বাসিন্দারা।