গাজায় অব্যাহত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী । এরই মধ্যেই মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে গাজায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এ বৃষ্টির কারণে গাজার বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ মাত্রা ছাড়িয়েছে।
গাজার দক্ষিণাঞ্চলে, অস্থায়ীভাবে বাসকারী হাজার হাজার ফিলিস্তিনিদের তাঁবুতে প্রবেশ করেছে বৃষ্টির পানি। এতে তাদের জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও তাদের থাকার বিছানা স্যাঁতসেঁতে হয়ে গেছে।
এছাড়া বৃষ্টির কারণে পরিবেশ ঠান্ডা হওয়ায় শীতেও কষ্ট পাচ্ছেন সাধারণ মানুষ। অধিকাংশ মানুষের কাছেই নেই কোনো উষ্ণ কাপড়-চোপড়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নিজেদের উষ্ণ রাখার কোনো পথ খুজে পাচ্ছেন না তারা ।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ শুরু পর থেকে নিজেদের জীবন বাঁচাতে উত্তরাঞ্চল থেকে হাজার হাজার মানুষ দক্ষিণাঞ্চলে চলে এসেছেন। অনেকেই আশ্রয় নিচ্ছেন জাতিসংঘের স্কুল বা হাসপাতালে।
আল জাজিরা জানিয়েছে, বাস্তুচ্যুত এসব মানুষের কাছে অর্থও নেই। তারা যে উষ্ণ কাপড়সহ প্রয়োজনীয় জিনিস কিনবেন সেই সুযোগও নেই।
ইসরায়েলিদের হামলার মধ্যেই বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় এখন সাধারণ মানুষের কষ্ট যেন আরো বেড়ে গেল। আর তাদের এ দুর্ভোগ কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ এক মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সূত্র: মিডেল ইস্ট আই