মুন্সিগঞ্জে বাস-মোটরসাইকেল-প্রাইভেট কারের ত্রিমুখী ধাক্কায় নিহত ১

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-মোটরসাইকেল ও প্রাইভেট কারের ত্রিমুখী ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম নাহিদ আহমেদ (২৭)। তিনি একটি ওষুধ কোম্পানির সোনারগাঁ এরিয়া রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন।

আহতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা আব্দুর রব (৭০), তার স্ত্রী বিলকিস বেগম (৬১) ও প্রাইভেটকারচালক দেলোয়ার হোসেন (৩০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ও আহতের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লাগামী লেনে জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী নাহিদের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাসটি পালানোর চেষ্টা করলে একটি প্রাইভেটকারকের পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। চালকসহ তিন যাত্রী আহত হয়। তবে তাদের আঘাত গুরতর না হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস এম রাশেদুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ এবং মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ বাসটিকে আটক করার চেষ্টা করছে।’