মিরসরাই উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিরসরাই উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে করেছে ছাত্রলীগ।

বুধবার (২১ জুন) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকের রেফান্স দিয়ে সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রলীগকে জড়িয়ে উদ্ভট কিছু বক্তব্য পেশ করা হয়। যা প্রকৃত ঘটনার সাথে কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।

তিনি বলেন, গত ১৪ জুন দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১২ টার মধ্যে উপজেলার কাটাছরা ও ইছাখালী ইউনিয়নের সীমান্ত রেখায় অবস্থিত শাহজীপুর এলাকায় এক নারী ও চার যুবকের সন্দেহজনক গতিবিধি দেখে এলাকার লোকজন তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। এ সময় ওই চার যুবক পালিয়ে গেলেও পুলিশ ঘটাস্থল থেকে নাদিয়া নুসরাত নামে এক তরুণীকে আটক করে থানায় নিয়ে আসে।

ছাত্রলীগের এই নেতা আরও বলেন, শাহাজীপুর এলাকার ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। এক সময়কার তুখোড় ছাত্রলীগ নেতা, ইছাখালী ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান নুরুল মোস্তফা ও তার ছেলেকে জড়িয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার করে বিএনপি-ছাত্রদল। বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, কোন তথ্য না জেনে একটি নারীঘটিত ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে জাতীয় পর্যায়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এছাড়া, গত ১৮ জুন কথিত ছাত্রদল কর্মী নাদিয়া নুসরাতের মাকে নিয়ে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি একটি সংবাদ সম্মেলন করে। সেখানেও ছাত্রলীগের বিরুদ্ধে নেক্কারজনক মন্তব্য করে তারা।

এ সময় ছাত্রলীগ নেতা মাসুদ করিম রানা কথিত ছাত্রদল কর্মী নাদিয়া নুসরাতে কিছু অনৈতিক ভিডিও ফুটেজ ও মাদক সেবনের ছবি সাংবাদিকদের সরবাহ করেন। এতে দেখা গেছে, নাদিয়া নুসরাত চট্টগ্রাম জেলা পুলিশের চিহ্নিত এক ইয়াবা সম্রাটের সাথে ভিডিও কলে কথা বলছেন। ভিডিওটিতে অন্য এক ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করছিল কথিত ছাত্রদল কর্মী নাদিয়া নুসরাত।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ, মিঠুন শর্মাসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ।