চট্টগ্রামের মিরসরাই স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের এক সমর্থকের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান রুহেলের অনুসারীদের বিরুদ্ধে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার সময় উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নে ৪নং ওয়ার্ড এলাকায় উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার ওই সমর্থকের নাম দিল মোহাম্মদ অপু (২২)। সে একই ইউনিয়নের মোহাম্মদ জাহাঙ্গিরের সন্তান।
জানা যায়, দিন মোহাম্মদ অপু সকাল থেকে ৪নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের পোস্টার লাগানোর কাজ করছিল। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার নির্দেশে প্রথম দফায় খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাবিবের নেতৃত্বে ইউসুফ, রিয়াজ, রাকিব, ফারুখসহ আরও বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অপুর ওপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে সেখান থেকে পালিয়ে কিছুদূর আসার পর আবারও নৌকা প্রার্থী সমর্থক আরেক দলের হামলার শিকার হন।
আরও জানা যায়, গুরুত্বর আহত দিন মোহাম্মদ অপুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিক বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট দৈনিক দেশ বর্তমানকে বলেন, এর আগেও নৌকা প্রার্থীর সমর্থক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা এবং খৈয়াছড়া ছাত্রলীগের সভাপতি রাবিবের নেতৃত্বে আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। আমাদের কর্মীদের এলাকা ছাড়া করছে, নৌকায় ভোট না দিলে ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়াসহ কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছে। আজ আমাদের সমর্থক অপুর ওপর অতর্কিত হামলা করে গুরুত্বর আহত করেছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।