চট্টগ্রামের মিরসরাইয়ে মো. নাজিম উদ্দিন (২৬) নামের এক ছাত্রদল নেতার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত নাজিম উদ্দিন নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের বাড়িয়াখালি এলাকায় রাতের আঁধারে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা তাকে চুরি চাকু ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর ও রক্তাক্ত করে রাস্তার পাশে ফেলে চলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত নিজাম উদ্দিন জানান, স্থানীয় সরকারদলীয় সন্ত্রাসী বাদশার নেতৃত্বে ৭ থেকে ৮ জন মিলে রাতের আঁধারে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে রাস্তার পাশে ফেরে রেখে চলে যায়। এছাড়া রড় ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে বরে জানায় ছাত্রদলের এই নেতা।
নাজিম উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিরসরাই উপজেলা সাবেক চেয়ারম্যান নুরুল আমিন অনুসারী বলে জানা গেছে।
বিএনপি নেতা নুরুল আমিন জানান, ইছাখালি ইউনিয়নে এমন ঘটনা নিত্য ব্যাপার। প্রতিনিয়ত বিএনপি সমর্থিত নেতাকর্মীদের ওপর রাত-দিনে অতর্কিত হামলা চালিয়ে আহত করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা সরকার দলীয় সন্ত্রাসীদের অত্যাচারে বাড়িঘর ছাড়া। জরুরি কোনো কারণে বাড়িতে গেলে সরকার দলীয় সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হচ্ছে।
তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে নুসরাত নামের এক নারী ছাত্রদল কর্মীকে একই ইউনিয়নের সরকার দলীয় সন্ত্রাসীরা রাতের আঁধারে অপহরণ করে গণধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে তাকে শারীরিকভাবে হেনস্তা ও নির্যাতন করে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশের মাধ্যমে ফরমায়েশি গায়েবি মামলায় জেলে পাঠায়। গত মঙ্গলবারও এক বিএনপি সমর্থিত কর্মীকে মারধর করেছে সরকার দলীয় স্থানীয় সন্ত্রাসীরা। সরকার দলীয় সন্ত্রাসীদের বারবার হামলার শিকার হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।