চট্টগ্রামের মিরসরাইয়ে মৌমাছির কামড়ে নুরুল আলম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ কৃষক।
রোববার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৯নং পূর্ব ডোমখালী আরকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এরা হলেন কৃষক মো: শাহজাজান (৬০), মো: রুবেল (৩০) ও মো: মনির হোসেন (৩২)।
নিহত ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ৭ থেকে ৮ জন মিলে মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় উড়ন্ত মৌমাছির একটি ঝাঁক এসে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি সবাইকে আহত করে। মৌমাছির ঝাঁক প্রথমেই নুরুল আলমকে হুল ফুটিয়ে মারাত্মক আহত করে। তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা দিয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয় ।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) মো: ইউসুফ নূরী ঘটনা নিশ্চিত করে জানান, কৃষক নুরুল আলম সুঠামদেহী। মৌমাছির পুরো ঝাঁক নুরুল আলম কে হুল ফুটিয়ে অন্যদের হুল ফুটায়। নুরুল আলমের শরীরে কয়েক শত মৌমাছির হুল ফুটানো ছিল। শত শত মৌমাছির হুলের তীব্র ব্যাথায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। নুরুল আলমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আবাসিক চিকিৎসক নাছির উদ্দিন জানান, মৌমাছির হুলে আক্রান্ত ব্যাক্তির ইনফ্ল্যামেটরিশক দেখা দিতে পারে। অধিক পরিমাণে মৌমাছির হুল ফুটিয়ে থাকলে যথা সম্ভব দ্রত সময়ে রেজিষ্টার্ড হাসপাতালে নিয়ে এন্টিভেনাম ইকজেশন দিতে হবে। যথা সময়ে ইনজেকশন দিতে না পারলে আক্রান্ত ব্যাক্তির মৃত্যু হতে পারে।