চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নে বেদেপল্লী পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি টুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান।
বুধবার (২ আগস্ট) সকাল ১১টায় তিনি বেদেপল্লী পরিদর্শন করেন। এ সময় বেদে সম্প্রদায়ের মানুষের মুখে বিভিন্ন সমস্যার কথা শুনেন।
তিনি বলেন, আমি মূলত এসেছি আপনাদের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও বাড়ি ঘর ঠিক আছে কিনা দেখতে। যাদের ঘর নেই তাদের নাম ঠিকানা নিয়ে যাওয়া হবে।
এ সময় বেদে পল্লীতে ড্রেনেজ, সড়ক, আবাসন ব্যবস্থাসহ মসজিদ নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, চট্টগ্রাম পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মিরসরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টারসহ বেদে সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।