মিরসরাইয়ে ঘরে ঢুকে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার চেষ্টা

চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীকে (৫১) ঘরে ঢুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ জুলাই) রাত ১২টার দিকে চেয়ারম্যানের নিজস্ব বাংলো বাড়িতে এ ঘটনা ঘটে।

জাহেদ চেয়ারম্যান স্থানীয় খৈইয়াছড়া ইউনিয়নের টানা ২ বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার বাবাও এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, জাহেদ ইকবাল চৌধুরী রাতে তার বাংলোবাড়িতে ছিলেন। তিনি প্রায় সেখানেই থাকেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তার উপর হামলা করেন। এতে করে মাথায় ও পায়ে মারাত্মক জখম হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।