চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী মিঠাছড়া বাজারের ইজারাদারের কাছ থেকে ২ কোটি ২৩ লাখ টাকার রাজস্ব আদায় করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজস্ব আদায়ের পর ইজারাদার নজরুলকে বাজারটি বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাজার ইজারাদার নজরুল ইসলাম জানান, গত ৯ ফেব্রুয়ারি তার সিন্ডিকেট এবং পূর্ববর্তী সিন্ডিকেট বাজার ইজারা চেয়ে দরপত্র দাখিল করেন। দরপত্রের সর্বোচ্চ দরদাতা হিসেবে পূর্ববর্তী ইজারাদারের চেয়ে ৭০ লাখ টাকা বেশি দিয়ে ২ কোটি ২৩ লাখ টাকায় ইজারা পান গত ১৬ ফেব্রুয়ারি। কিন্তু নিয়ম অনুযায়ী ইজারার ৭ দিনের মধ্যে আরও ১ কোটি ২ লাখ টাকা পরিশোধ করতে হওয়ায় বাড়তি সময় চান তারা।
কিন্তু পূর্ববর্তী ইজারাদারের বিরোধীতা ও পত্রপত্রিকায় লেখালেখির কারণে বাধ্য হয়ে ইজারা বাতিল করে খাস কালেশন শুরু করে উপজেলা প্রশাসন। গত দেড় মাস খাস কালেকশনের পাশাপাশি ইজারাদারের কাছ থেকে বাকি রাজস্ব পুরোপুরি আদায় করে প্রশাসন।
জানা গেছে, গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সর্বমোট ২ কোটি ২৩ লাখ টাকা ইজারাদারের কাছ থেকে বুঝে নেয় উপজেলা প্রশাসন। এরপর খাস কালেকশন বন্ধ করে বাজার ইজারাদারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে বাজার ইজারাদার বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন স্বাক্ষরিত একটি স্মারক চিঠি প্রেরণ করে প্রশাসন। সেখানে উল্লেখ করা হয়, মিঠাছাড়া বাজার সর্বোচ্চ ইজারাদার হিসেবে ইজারার পুরো অর্থ পরিশোধ করায় ইজারাদারের আবেদনের প্রেক্ষিতে বাজারের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে বাজারের হাসিল আদায়ে ইজারাদারের আর কোনো বাধা থাকবে না।