মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার আশঙ্কা নেই, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার

শ্রম অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র সম্প্রতি প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম বা স্মারক জারি করে। এতে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, শ্রম ইস্যুতে দেশটির বাণিজ্য জরিমানা ও ভিসা বিধি-নিষেধের মুখে পড়তে পারে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে না বাংলাদেশ। তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

শ্রম ইস্যুতে বাণিজ্য নিষেধাজ্ঞা ও ভিসা বিধি-নিষেধসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে গত ১৬ নভেম্বর এই প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম জারি করে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে ২০ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বাংলাদেশ এ স্মারকের অন্যতম সম্ভাব্য লক্ষ্য হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

জানা গেছে, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের ওই চিঠিসহ সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় আজ সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় এ বিষয়ে করণীয় নির্ধারণে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উইংয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ শ্রম মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দপ্তর, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিজিএমইএ, বিকেএমইএ নেতারা উপস্থিত থাকবেন।

মার্কিন মেমোরেন্ডামটি এমন এক সময় ঘোষণা দেওয়া হয়, যখন ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছিল। সে পরিপ্রেক্ষিতে কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠিটি পাঠায়।