মার্কিন দূতাবাসের সাবেক কর্মী গ্রেফতার রাশিয়ায়

ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন দূতাবাসের সাবেক এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে রাশিয়ায়।  পরে মস্কোর একটি ডিটেনশন সেন্টারে রাখা হয় তাকে।  রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাস এর বরাত দিয়ে মঙ্গলবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় মার্কিন দূতাবাসের সাবেক এক কর্মীকে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে মস্কো থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।  আটক ব্যক্তির নাম রবার্ট শোনভ।

সোমবার (১৫ মে) তাস জানিয়েছে, রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস রবার্ট শোনভকে গ্রেফতার করেছে এবং তাকে ‘প্রতিরোধমূলক হেফাজতে পাঠানো হয়েছে’।  তার আট বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিবিসি অবশ্য বিষয়টি জানতে রাশিয়ায় মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।  দূতাবাস রয়টার্সকে জানিয়েছে, তারা তাদের সাবেক কর্মীকে গ্রেপ্তারের বিষয়ে অবগত, কিন্তু এই মুহূর্তে জানানোর মতো কিছুই নেই।

তাসের প্রতিবেদনে বলা হয়, রবার্ট শোনভকে বন্দর নগরী ভালদিভোস্তাক থেকে আটক করা হয়।  জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে ‘গোপনে কোনো বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক বা বিদেশি সংস্থার সঙ্গে সহযোগিতার’ অভিযোগ আনা হয়।  কর্মকর্তারা শোনভকে তিন মাসের জন্য আটক রাখতে বলেছিলেন।

তবে এ বিষয়ে শুনানির জন্য আদালতের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।  বিবিসি জানিয়েছে, গ্রেপ্তারের পর রবার্ট শোনভকে মস্কোর লেফোর্তোভো কারাগারে রাখা হয়েছে।  এটি রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কারাগার।