মাধ্যমিক ও সমমানে পাসের হার ৮৭.৪৪
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৮৭.৪৪ শতাংশ। গত বছর এই পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮।
সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হয়।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) ‘রেজাল্ট কর্নারে’ ক্লিক করে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে।
তাছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
প্রসঙ্গত, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।
গত ১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়ে চলে ১ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।