কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ মন্দিরে দশ দিনব্যাপী শিবচতুর্দশী পূজা ও মেলা কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। প্রতিবছরের মতো এ বছরেও দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তীর্থযাত্রী মেলায় আসবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।
তবে অন্যান্য বছরে মেলায় বিনোদনমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও এ বছর তেমন কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন।
মেলার আয়োজকেরা জানান, আদিনাথ মন্দিরে শিব দর্শন করার জন্য এবার তীর্থযাত্রীরা সরাসরি গাড়িযোগে চকরিয়া বদরখালী হয়ে মহেশখালীর আদিনাথে আসতে পারবেন। এছাড়াও সমুদ্রপথে কক্সবাজার থেকে মহেশখালী আদিনাথ জেটিসহ দুই জেটি হয়ে তীর্থযাত্রীরা মেলায় আসতে পারবেন। পূর্জা চলবে আট থেকে দশ তারিখ পর্যন্ত ৩ দিন আর মেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন পণ্য নিয়ে মেলা প্রাঙ্গণে স্টল বসিয়েছেন ব্যবসায়ীরা। মেলা শুরুর আগেই বিভিন্ন নাস্তা, হস্তশিল্পসহ নানা পণ্যের বিকিকিনি শুরু হয়ে গেছে।
আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দি, বলেন, মেলার সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। দূর–দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সেবা দেওয়ার জন্য মেলা প্রাঙ্গণে কাজ করবেন স্বেচ্ছাসেবক। এছাড়া পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে মেলা প্রাঙ্গন।
মেলা উপলক্ষে সোমবার বিকাল ৪ টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আদিনাথ মন্দির সংস্কার কমিটির সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড স্রাইন কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রণব কুমার দে (কাউন্সিলার), প্রমূখ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বলেন, উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান মহেশখালী আদিনাথ মন্দির। মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে থানা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।