চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (১১ ডিসেম্বর) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর মোট ১০টি ওয়ার্ড ও ৪টি থানার মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে হাসিনা মহিউদ্দিন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের গভীরভাবে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, ‘সুমন মুক্তিযোদ্ধার সন্তান, সুমন জিতলে আওয়ামীলীগ জিতবে, শেখ হাসিনা জিতবে।’
৩৮ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফারজানা শিরিন মুন্নির সভাপতিত্বে ও মহানগর মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী মতি নিলু নাগ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৭ থেকে ৩০ ও ৩৬ থেকে ৪১ নম্বর ওয়ার্ড ও ৪টি থানার মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাধারণসম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দরা।