দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথম দিনে ৮১০টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এতে দলটির আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা। নির্বাচনের মাঠেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন বেশ কয়েকজন। তারই ধারাবাহিকতায় সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝেও দেখা যাচ্ছে তারকাদের।
এ দলে রয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গুলিস্থানের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এদিকে অপুর আগে সকাল ১১টার দিকে মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সেসময় তার সঙ্গে ছিলেন আরেক চিত্রনায়ক রিয়াজ।
এছাড়াও এদিন সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, শাহনূর, সোহানা সাবা ও উর্মিলা শ্রাবন্তী কর।
আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ ও তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে।