ভোলার মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে সাতটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৬৭ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো ৬ জেলে নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (০১ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোলার মেঘনা নদী ও বঙ্গোপসাগর মোহনায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
সাত ট্রলারের মধ্যে বঙ্গোপসাগরে তিনটি, সাগরের মোহনায় দুটি, দৌলতখানের মেঘনায় একটি ও সদর উপজেলার তুলাতলির মেঘনা নদীর মাঝের চর সংলগ্ন একটি ডুবেছে। ছয়টি বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে ডুবেছে। অপরটি ডুবেছে কার্গো জাহাজের ধাক্কায়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম কামরুল ও ইলিশা নৌ-থানার পুলিশ পরিদর্শক মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, সাগর মোহনায় মনপুরার পাঁচটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চারটি ট্রলার উদ্ধার করা হয়েছে। এতে থাকা জেলে-মাঝিদেরও উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো একটি ট্রলার নিখোঁজ রয়েছে।
তাতে মাঝিসহ ১০ জন ছিলেন। তাদের মধ্যে এখনো মাঝিসহ ছয় জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কোস্ট গার্ডের সাথে সমন্বয় করে উদ্ধার তৎপরাতা চালানো হচ্ছে।
ইলিশা নৌ-থানার পুলিশ পরিদর্শক মো. আখতারুজ্জামান জানান, মেঘনায় দুটি ট্রলারডুবির ঘটনা তিনি শুনেছেন। তবে এ ঘটনায় কোনও নিখোঁজ নেই। এদিকে বৈরি আবহাওয়ার কারণে বিকাল থেকে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি বন্ধ চলাচল বন্ধ রয়েছে।