ভোররাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল প্রাথমিক বিদ্যালয়টি

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের মধ্যে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কঘেঁষা একটি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায় ঘিওর উপজেলার ১৫ নম্বর পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান  নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান সাবেক বিএনপি মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ির পাশেই। প্রধান শিক্ষক মৌসুমী খান জানান, ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তদের আগুনে স্কুলের কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাংকিত ফেস্টুন পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কক্ষটির পাশের কক্ষেই ঘুমিয়ে ছিলেন নৈশপ্রহরী। আগুনের ধোঁয়ায় বিদ্যালয়ের দেয়াল বিবর্ণ হয়ে গেছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। এ ঘটনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলেও জানান প্রধান শিক্ষক। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীন বলেন, “বিদ্যালয়ের প্রধান শিক্ষক অগ্নিসংযোগের খবর জানিয়েছেন। তবে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”ঘিওর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, “আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”এছাড়া ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।