ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ জুন) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে।

শোকবার্তায় জানানো হয়েছে, ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক জানাচ্ছি। একই সঙ্গে আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দুই বাংলাদেশির আহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও বেশ কয়েকজন বাংলাদেশি হতাহতদের মধ্যে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বাংলাদেশের উপ-হাইকমিশনের হোয়াটসঅ্যাপ নম্বর ৯১৯০৩৮৩৫৩৫৩৩ এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে, শুক্রবার (২ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় ওড়িশায় হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসসহ তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হাজারেরও বেশি যাত্রী। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এখনও চলছে উদ্ধারকাজ।

এ দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের রেল মন্ত্রণালয়। শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কংগ্রেস নেতা রাহুল গান্ধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এমএফ