ভর্তি পরীক্ষায় চবির কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির অনন্য উদ্যোগ

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবার ২০২২-২৩ বর্ষে ভর্তি পরীক্ষা রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। ফলে শিক্ষার্থী এবং অভিভাবকসহ কয়েক লাখ মানুষের সমাগম ঘটে চবি ক্যাম্পাসে।

এবারও পরীক্ষার্থী এবং অভিভাবকদের সেবা করে নজর কেড়েছে চবির বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনগুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি অন্যতম। প্রতিবছরের ন্যায় এবারও সংগঠনটি বিভিন্ন সেবামূলক উদ্যোগ করে পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়েছ।

জানা গেছে, এবার তীব্র দাবদাহে ৫১ হাজার ৪০৫ জন মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি পান, ভর্তি পরীক্ষা চলাকালীন ৩৮ জন অসুস্থ শিক্ষার্থী ও অভিভাবককে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে পৌছানোর ব্যবস্থা, পরীক্ষা শেষে প্রায় অর্ধশতাধিক বস্তা ময়লা আবর্জনা পরিষ্কার এবং শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও অসচ্ছল পরীক্ষার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে সংগঠনটি।

গত ২৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে সৌজন্য সাক্ষাত করে সংগঠনটির সদস্যবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, সহকারী প্রক্টর জনাব অরূপ বড়ুয়া, আইইআর এর সহকারী অধ্যাপক ও কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি চবি’র আহবায়ক জেরিন আক্তার, কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসাইন, সোসাইটির অর্গানিয়ার নাজিয়া তাসনিম ও সমন্বয়ক জনাব শরিফুল ইসলাম।

এ সময় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্যবৃন্দ তাদের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উপাচার্য সমীপে পেশ করেন। এছাড়াও ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত শুদ্ধাচার বইয়ের নতুন সংস্করণের একটি কপি এবং মেডিটেশন ম্যাগাজিনের একটি কপি উপাচার্যকে উপহার দেন।

উপাচার্য কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল নেতৃবৃন্দকে তাদের জনহিতকর কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন। একইসাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে সেবা প্রদান করায় সোসাইটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। উপাচার্য সংগঠনটির এ ধরণের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার আহবান জানান।