ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ জুলাই) বিকেলেউপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
নিহত শিশুরা হলো– মাইজখার গ্রামের রাজু ভূঁইয়ার মেয়ে মাইশা আক্তার (৮) এবং রাজুর ভাগ্নে ব্রাহ্মণপাড়া উপজেলার দইখলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন (১১)। দুই শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
মৃত শিশুদের স্বজন মাজেদুল ইসলাম জানান, উপজেলার মাইজখার গ্রামে রাজু ভূঁইয়াদের বাড়িতে রবিবার সকাল ১১টার দিকে ভাগ্নে জোবায়ের মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল। বিকালে বাড়ির পেছনে সাঁতার কাটতে গভীর পুকুরে নামে মাইশা ও জুবায়ের। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক চিকিৎসক আশিক শর্মা দুই শিশুকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুকে ঘিরে মাইজখার ও দইখলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘উপজেলার মাইজখার গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনাটি ক্ষতিয়ে দেখা হবে।’