ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডে ভারী বর্ষণের কারণে ৮০ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার (৩ মে) রাষ্ট্রীয় নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন। তবে এখনও নিখোঁজ ৬৮ জন।
বার্তাসংস্থা এপি ব্রাজিলের ভূতাত্ত্বিক পরিষেবা বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, এই বন্যা ১৯৪১ সালের বন্যার ভয়াবহতাকে ছাড়িয়ে গেছে। এদিকে কিছু এলাকায় বন্যার পানির উচ্চতা গত দেড়শ বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার (১ মে) বেন্তো গনকালভস ও কোতিপোরায় জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ আংশিক ভেঙে পড়েছে। আর টাকুয়ারি নদী উপত্যকার লাজেডো এবং এস্ট্রেলা শহর বন্যার পানিতে তলিয়ে গেছে।
এদিকে অপারেটররা জানিয়েছেন, এই বন্যায় বৈদ্যুতিক সংযোগ, পানির লাইন এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এছাড়াও ২৮ হাজারেরও বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছেন বলে নিশ্চিত করেছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
আইসোলেট নিউম্যান (৫৮) লাজেডো শহরের বাসিন্দা। তিনি এপিকে জানান, তার জীবদ্দশায় এমন ভয়াবহ বন্যা আর দেখেননি। তিনি আরও জানান, মানুষ এখন হাসপাতালের সামনে বালু এবং পাথর দিয়ে বাঁধ দিতে ব্যস্ত।