ব্যক্তিগত তথ্যের ঘাটতি থাকায় সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার মনোনয়নপত্র গ্রহণ করেনি মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে মনোনয়ন দাখিল করতে গেলে মনোনয়ন গ্রহণ না করে সব তথ্য যুক্ত করে নিয়ে আসতে বলা হয়েছে।
জানা যায়, ১৪ দলের শরিক দল সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নৌকা প্রতীক বরাদ্দ চান। জোটের শরিকদের বাদ দিয়ে ২৯৮ আসনে একক প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। ফলে শরীক দলগুলোকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপায় না পেয়ে সাম্যবাদি দল সারাদেশে ১০টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। তার মধ্যে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে সাম্যবাদি দলের পক্ষ থেকে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন দলটির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। মঙ্গলবার বিকালে বেশ কয়েকজন অনুসারী ও সাংবাদিকের সঙ্গে নিয়ে দলীয় মনোনয়ন পত্র দাখিল করতে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন তিনি। মনোনয়ন পত্র দাখিল করার সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্রের সাথে ব্যক্তিগত তথ্যের ফাইল পরিপূর্ণ না থাকায় মনোনয়ন পত্র গ্রহণ করেনি ইউএনও মাহফুজা জেরিন। মনোনয়ন পত্র গ্রহণ না করে ইউএনও মাহফুজা জেরিন নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ব্যক্তিগত টেক্স ফাইলের নথি যথাযতভাবে যুক্ত করে দাখিল করতে অনুরোধ করেন।
সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, সকল নথি পত্র সংযুক্ত করেই মনোনয়ন পত্র দাখিল করেছি। তবে টেক্স ফাইলের ব্যক্তিগত সম্পত্তির ফটো কপির স্থলে মূল নথির সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে জানিয়েছেন ইউএনও।
নথিগুলো সংগ্রহ করে আগামী দুই একদিনের মধ্যে পুনরায় মনোনয়ন পত্র দাখিল করা হবে বলে জানান তিনি।
দেশ বর্তমান/এআই