গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার কানুনগোপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন চলছিল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রে ও সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী সেখানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।
এ সময় বর পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ও কনের বাবা থেকে মুচলেকা নেয়া হয়। কনে এলাকার সারোয়াতলী পূর্ণ চন্দ্র সেন উচ্চ বিদ্যালয় থেকে (২০২৩ সাল) এবার এসএসসি পাশ করেছে বলে জানা যায়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কানুনগোপাড়া এলাকায় বাল্যবিবাহ হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে এবং মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মেয়ের বাবা থেকে মুচলেকা নেয়া হয়েছে।