অধিকাংশ কারখানায় বেতন হলেও পোশাক খাতের ৬ হাজার ৯৫১টি কলকারখানার শ্রমিকরা এখনো ঈদুল ফিতরের বোনাস পাননি। অবশ্য কারখানার মালিকরা বলছেন, ঈদের ছুটির আগেই সব বোনাস পরিশোধ করা হবে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, দেশে বর্তমানে ৯ হাজার ৬১৬টি কল-কারখানা রয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত শ্রমিকদের ঈদের বোনাস দিয়েছে মাত্র ২ হাজার ৬৬৫টি কারখানা। ৬ হাজার ৯৫১টি কারখানায় বোনাস হয়নি। প্রায় ৭ হাজার কারখানায় শ্রমিকদের বোনাস দেয়া হয়নি। এখনো বোনাস দেয়নি এমন কারখানার মধ্যে বিজিএমইএর সদস্যভুক্ত প্রতিষ্ঠানই বেশি। এই খাতের ১ হাজার ৬৩১টি কারখানার মধ্যে মাত্র ৩৮৪টি কারখানার শ্রমিকেরা বোনাস পেয়েছেন। বাকি ১ হাজার ২৪৭টি কারখানার শ্রমিকরা বোনাস পায়নি । অর্থাৎ ৭৬ দশমিক ৪৬ শতাংশ কারখানায় বোনাস দেওয়া হয়নি এখনো।
অন্যদিকে, বিকেএমইএর মোট ৭০০টি কারখানার মধ্যে ৪৪৮টি কারখানার শ্রমিকেরা বোনাস পাননি। অর্থাৎ ৬৪ শতাংশ কারখানার শ্রমিকরা বোনাস পাননি এখনো। বিটিএমএর ৩৫৮টি কারখানার মধ্যে এখন পর্যন্ত বোনাস হয়নি ২৬৬টিতে, যা মোটের ৭৪ দশমিক ৩০ শতাংশ।
বেপজার ৩৪৫টি কারখানার মধ্যে বোনাস হয়নি ২০০টিতে, যা মোটের ৫৭ দশমিক ৯৭ শতাংশ। এ ছাড়া পাটকল খাতের ৮৩টি কল-কারখানার মধ্যে ৬৬টির বোনাস পায়নি শ্রমিকরা । এর বাইরে অন্যান্য খাতের ৬ হাজার ৪৯৯টি কল-কারখানার মধ্যে বোনাস হয়নি ৪ হাজার ৭২৪টিতে। সব মিলিয়ে ৬ হাজার ৯৫১টি কারখানায় বোনাস হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ইতোমধ্যেই শতভাগ শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। আশা করছি ঈদের ছুটির আগেই বোনাস দেবেন বাকি কারখানা মালিকেরা। কোনো কারখানার মালিকই বোনাস না দিয়ে ঈদের ছুটিতে যাবেন না বলে আশা করি।