বেশি বেশি গাছ লাগানোর আহবান প্রধানমন্ত্রীর

পরিবেশের বিপর্যয় থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য বেশি বেশি গাছ লাগানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমি নিজে বৃক্ষ রোপণ করলাম। সেই সাথে সব দেশবাসীকে আহবান জানাব, যার যেখানে যতটুকু জায়গা পান, গাছ লাগান।

সোমবার গণভবন প্রাঙ্গণে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩’ ও ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩’ উদ্বোধন উপলক্ষে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশবাসীকে গাছ লাগানোর এ আহবান জানান।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তিনটা করে গাছ লাগাতে পারলে সবচেয়ে ভালো হয়। আর সেটা যদি না পারেন, অন্তত একটা করে পারলেও লাগাবেন। আমরা চাই, একটা ফলদ, একটা বনজ, একটা ভেষজ—এই তিন ধরনের গাছ লাগাবেন।’

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা, নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী, সেটা হলো, ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করা। গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আপনারা সবাই গাছ লাগাবেন এবং গাছের যত্ন নেবেন। শুধু গাছ লাগালে হবে না, গাছ যাতে টিকে থাকে, সে জন্য যত্ন করতে হবে। সেই গাছ একদিন ফল দেবে, কাঠ দেবে বা ওষুধ দেবে; আপনারা নানাভাবে উপকৃত হবেন।’

সরকারপ্রধান বলেন, ‘আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। এই দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে, আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়তে চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে গাছের চারা রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’–এর উদ্বোধন করেন। ঢাকা, ০৫ জুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে গাছের চারা রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’–এর উদ্বোধন করেন। ঢাকা, ০৫ জুনছবি: পিআইডি
শেখ হাসিনা বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে ব্যাপকভাবে এ দেশে বৃক্ষ রোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সবুজ বাংলা করি।’

বনায়নে বাংলাদেশের সাফল্যের কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ। আমরা এগিয়ে যাব। বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য। আমরা যে ব্যবস্থা নিয়েছি, তার ফলে আজকে প্রায় ২২ ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে। তা ছাড়া, আমাদের পারিবারিকভাবে বাগান সৃষ্টি হচ্ছে। সবাই এখন সচেতন।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) মো. নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এ বছর মুজিব বর্ষে দেশকে সবুজে শোভিত করে তুলতে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি।’

অন্যদিকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবার বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘ইকোসিস্টেম রিস্টোরেশন’ বা বাস্তুতন্ত্র পুনরুদ্ধার।

এ উপলক্ষে সরকার আশা করে, দেশের জনগণ বিশেষ করে তরুণসমাজ বাস্তুতন্ত্র ও পরিবেশগত বৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দিবসটি উপলক্ষে দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। রাজধানীসহ সব বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলো মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বানসংবলিত ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে।