বেড়েছে পুরুষ শ্রমশক্তি কমেছে নারী

দেশে পুরুষ জনশক্তি বেড়েছে।  দেশে মোট শ্রমশক্তিতে নিয়োজিত জনগোষ্ঠী ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার জন।

শ্রমশক্তি জরিপ ২০২৩ এর প্রথম ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) ফল অনুযায়ী নারী শ্রমশক্তির সংখ্যা চার লাখ কমে দাঁড়িয়েছে ২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার।  অন্যদিকে ১২ লাখ বেড়ে পুরুষ শ্রমশক্তি দাঁড়িয়েছে ৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার।

মঙ্গলবার (২ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ-২০২৩ এর প্রথম কোয়ার্টারে (জানুয়ারি-মার্চ) পাওয়া সূচকগুলোর ফল প্রকাশ সম্পর্কিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক আজিজা রহমান জানান, ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ-২০২৩ এর ফল অনুযায়ী বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২ কোটি ৫৯ লাখ। এর মধ্যে পুরুষ ১ কোটি ৭১ লাখ, নারী ৮৮ হাজার, শ্রমশক্তির বাইরে অবস্থিত জনগোষ্ঠী ৪ কোটি ৬৩ লাখ ৯০ হাজার, এর মধ্যে পুরুষ ১ কোটি ১১ লাখ ৯০ হাজার, নারী ৩ কোটি ৫২ লাখ।

শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৬১ দশমিক ৩৭ শতাংশ।  অর্থনৈতিক খাত অনুযায়ী কৃষিতে নিয়োজিত জনগোষ্ঠীর সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার, শিল্পখাতে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার এবং সেবায় ২ কোটি ৬৯ লাখ ১০ হাজার।  যুব শ্রমশক্তি ২ কোটি ৭৩ লাখ ৮০ হাজার।  এর মধ্যে পুরুষ ১ কোটি ৪০ লাখ ৩০ হাজার ও নারী ১ কোটি ৩৩ লাখ ৫০ হাজার।