সাতক্ষীরার কলারোয়ায় বিরিয়ানি খেয়ে অর্ধ-শতাধিক ব্যক্তি অসুস্থ হয়েছেন। তাদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামের মানুষ বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
জালালাবাদ ইউপি সদস্য আফতাবুজ্জামান জানান, সিংহলাল বাজারে আগাতা ফিডের চাষি সম্মেলনে বিরিয়ানি খেতে দেওয়া হয়। এই বিরিয়ানি খাওয়ার কিছু সময় পর প্রায় সকলেরই বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা শুরু হয়। ১২০ প্যাকেট বিরিয়ানি আনা হয় কলারোয়া উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থিত ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে। অসুস্থদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম জানান, পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা নিয়ে অর্ধ-শতাধিক নারী-পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত। ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হতে পারে।