বিবেকের তাড়নায় আত্মহত্যা আওয়ামী লীগ নেতার

হালিশহরের নিজ বাসা থেকে লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে আওয়ামী লীগ নেতার লাশ। পুলিশের মতে, মসজিদ কমিটির টাকা ‘আত্মসাতে অনুশোচনা’ এবং ‘বিবেকের তাড়না’ থেকেই তিনি আত্মহত্যা করেছেন। নিহত ওই আওয়ামী লীগ নেতার নাম জাহিদুল আলম মিন্টু (৩৮)। তিনি নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

রোববার (১০ মার্চ) বিকেলে নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরের দুই নম্বর সাইট এলাকার নিজের বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে বাইরে চলে যায়। বিকেলে কোনো সাড়াশব্দ না পেয়ে জাহিদুল আলমের ছোট ভাই দরজা ভেঙ্গে দেখেন গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলছে জাহিদুল আলমের নিথর দেহ।

বন্দর থানার পরিদর্শক (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, ‘জাহিদুল আলম মিন্টু এলাকার একটি মসজিদ কমিটির সাথে যুক্ত ছিলেন। এক সময় কমিটির ফান্ড থেকে প্রায় ৮ লাখ টাকা ভেঙ্গে ফেলার কারণে অনুশোচনায় ভুগতে থাকেন। পরে খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ করে দেন।’

তিনি আরও বলেন, ‘পরিবার থেকে জানানো হয় টাকার জন্য কেউ কোনোপ্রকার চাপ দেয়নি। বিবেকের তাড়না থেকেই জাহিদুল মিন্টু আত্মহত্যা করেছেন।’