প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিদের বাসভবনের চারপাশের সড়কে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৮ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে এই চিঠি পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত জাজেস কমিটি গত ৩১ অক্টোবর একটি সভার আয়োজন করে। ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ৮ নভেম্বর ডিএমপি কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, চিঠির নির্দেশনা অনুযায়ী, সুপ্রিম কোর্টসহ প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের বাসভবন এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে চিঠিতে অন্য যেসব নির্দেশনার কথা বলা হয়েছে, আমরা সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এমনিতেই প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের বাসভবন এলাকায় সভা-সমাবেশের অনুমতি দেওয়া হয় না।
চিঠিতে বলা হয়েছে, ‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল ও মৎস্য ভবন মোড় পর্যন্ত, মগবাজার মোড় থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত, কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত এলাকাকে বিশেষ নিরাপত্তা এলাকা গণ্য করে—এ এলাকার ভেতরে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল আয়োজন নিষিদ্ধ ঘোষণা করতে ডিএমপিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনও বিশেষ রাজনৈতিক কর্মসূচি থাকলে প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন ও বিচারপতি কমপ্লেক্স এলাকায় বিশেষ নিরাপত্তা প্রদান করতে হবে।’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ করার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ছুটির দিন ব্যতীত সোহরাওয়ার্দী উদ্যানে মাইক ব্যবহার করে কোনও সভা-সমাবেশ করা যাবে না।’