বিএনপি গরীব মানুষের রাজনৈতিক দল নয়: দিলীপ বড়ুয়া

বিএনপি গরীব মানুষের রাজনৈতিক দল নয়, বিএনপি বড়লোকদের দল মন্তব্য করে বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) এর সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, আমরা বুঝি বিএনপি বড়লোকদের রাজনৈতিক দল।   তারা যদি আবার ক্ষমতায় যায় তাহলে বড়লোকদের স্বার্থ রক্ষা করবে।  আপনার শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা হবে না।  এ বিষয়টি আপনাদের উপলব্ধি করতে হবে।  নাহলে আপনারা প্রতারিত হবেন, জনগণ আবার প্রতারিত হবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সাম্যবাদী দলে (এম-এল) নতুন সদস্যদের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।  অনুষ্ঠানে দলটিতে যোগদানকারী নতুন সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

দিলীপ বড়ুয়া বলেন, কাঁঠাল থেকে যেমন আমসত্ত্ব হবে না, তেমনি বিএনপি’র পক্ষে এই দেশের মানুষের কল্যাণ করা সম্ভব না।  শুধু ক্ষমতার পালাবদল হলে জনগণের মুক্তি আসতে পারে না।  সমাজের পালাবদল দরকার, সমাজ পরিবর্তনের দরকার।  কোনও কোনও বিরোধীদল আজকে আছে, তারা বলছেন, ক্ষমতায় গেলে নাকি তারা অনেক কিছু করে দেবেন।  তারাতো ক্ষমতায় ছিলেন, তারা কি করেছে? তারা কিছু করতে পারেন নাই।  বরং পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।  তখন সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছিল।

তিনি বলেন, ‘আজ যারা বিরোধী দলে থেকে ক্ষমতায় যাওয়ার খোয়াব দেখছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি করতে চাচ্ছেন এদের পক্ষে ভালো কিছু করা সম্ভব হবে না।  বিএনপির পক্ষে এদেশের কল্যাণ করা সম্ভব হতে পারে না।’

সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুলতান আহমেদ বিশ্বাস’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হক। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড মো. রফিক, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন, মো. ইয়াসিন মিয়া, অ্যাড. কামরুল ইসলাম, মো. আবুল কাশেম দুলাল শামীমা আক্তার ও ঝুমা আক্তার প্রমুখ।