আগামী ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ করতে চেয়ে ডিএমপিতে চিঠি দিয়েছিল বিএনপি ও আওয়ামী লীগ। তাদেরকে সড়ক বাদে যেকোনো মাঠে সমাবেশ করতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া, সমাবেশ সস্পর্কিত বেশ কিছু তথ্যও জানতে চেয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ বিষয়ে দুদলকেই চিঠি দেওয়া হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয় ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সমাবেশ করার অনুমতি যদি নিরাপত্তাজনিত কারণে না দেওয়া যায়, সেজন্য তাদের কাছ থেকে আরও দুটি বিকল্প জায়গার নাম জানতে চেয়েছে পুলিশ।
অনুমতির বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও উল্লেখ করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেন, ডিএমপি কমিশনার আমাদের কাছে এই বিষয়ে মতামত চেয়েছেন। সেই মতামত দেওয়া ও অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা পরিকল্পনা প্রণয়েনর জন্য আমরা কিছু তথ্য জানতে চেয়েছি। কিন্তু তার মানে এই নয় যে, তারা যে স্থানের জন্য আবেদন করেছেন, সেখানে তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না মর্মে সিদ্ধান্ত হয়েছে।
বিএনপির চিঠির জবাবে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ নানা তথ্য চেয়েছে পুলিশ। এছাড়া, জননিরাপত্তাজনিত কারণে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় সমাবেশ হতে পারে এমন বিকল্প দুটি নাম চাওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সমাবেশের লোক সমাগম কখন শুরু হবে এবং সমাবেশ কখন শেষ হবে? সমাবেশে কী পরিমাণ লোক হবে? সমাবেশটি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঠিক কোন কোন স্থানে পর্যন্ত বিস্তৃত হবে? সমাবেশে বক্তব্য প্রচারের জন্য কোন কোন স্থানে মাইক স্থাপন করা হবে? সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন কি না? সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে কি না? হলে, তার সংখ্যা কত? জননিরাপত্তাজনিত কারণে নয়াপল্টনে অনুমতি দেওয়া সম্ভব না হলে বিকল্প দুটি ভেন্যুর নামও প্রস্তাব করতে বলা হয়েছে।
ডিএমপির চিঠি বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আজ দুপুরে নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শান্তিপূর্ণভাবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ২৮ তারিখের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।