বার্নিকাটের গাড়িবহরে হামলা

ছাত্রলীগ নেতাসহ ৯জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট

আদালত প্রতিবেদক

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স বার্নিকাটের গাড়িবহরে ঢাকায় ঘটে যাওয়া হামলার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতাসহ ৯ জনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই এশারত বিষয়টি নিশ্চিত করেছেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহিদুল আলম খান কাজল, সিয়াম ও অলি আহমেদ ওরফে জনি।

এরমধ্যে আগের চার্জশিটে ইশতিয়াক মাহমুদের নাম ছিল না। সম্পূরক চার্জশিটে তার নাম যুক্ত করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। অন্য আসামিরা জামিনে রয়েছেন। এছাড়া আগের চার্জশিটভুক্ত আরেক আসামি তান্না ওরফে তানহা ওরফে মুজাহিদ আজমি তান্না মারা যাওয়ায় তাকে মামলার অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে।

এসআই এশারত বলেন, গত ১৯ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ৯ জনকে আসামি করে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেছেন। আগামী ৪ অক্টোবর মামলার ধার্য তারিখ রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। ডিবির সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার নিচে নন, এমন একজন মামলাটির অধিকতর তদন্ত করবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

২০২২ সালের ২৮ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সর্বশেষ একই বছরের ৪ ডিসেম্বর এ মামলায় ছয় জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরবর্তী সময়ে দেখা যায়, তাদের মধ্যে সাক্ষী ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার জবানবন্দিতে জনৈক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেন। এরপর ২৭ ডিসেম্বর আদালত এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে উত্তোলন করে অধিকতর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকার সিএমএম আদালতে পাঠান।

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার চার্জশিটে ১৯ জনকে সাক্ষী করা হয়। ২০২২ সালের ১ মার্চ ৯ আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন।