নবাব পরিবারে জন্ম সারা আলি খানের। তার বাবা সাইফ আলি খান একজন মুসলমান। যদিও মা অমৃতা সিং একজন হিন্দু।
বহুবার পদবী হিসাবে ‘আলি খান’ ব্যবহার করা এবং সেই সঙ্গে মন্দিরে যাওয়ার জন্য ট্রোল হতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে সারা বলেন, আমি একটি ধর্মনিরপেক্ষ, সার্বভৌম এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র পরিবারে জন্মগ্রহণ করেছি।
উল্লেখ্য, সারা আলি খানের বাবা সাইফ আলি খান বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। মা অমৃতা সিংও ছিলেন জনপ্রিয় অভিনেত্রী। যদিও দুজনের ধর্মের বিশ্বাস নিয়ে পার্থক্য রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাস, পদবি নিয়ে মুখ খুলেছেন সাইফকন্যা। তিনি বলেন, অতীতে তার ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্নে উঠলে তিনি বিরক্ত হতেন। তবে এখন এসব নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছেন। তিনি মনে করেন এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়। কে কী ভাবছে, কী বলছে তাতে কিছু আসে যায় না।
সারা বলেন, ‘আমার ধর্মীয় বিশ্বাস, কী পছন্দ, আমি কীভাবে বিমানবন্দরে যাবো, এই সবই আমার সিদ্ধান্ত। এজন্য আমি কখনই কাউকে জবাবদিহি করবো না। কোনো কর্মকাণ্ডের জন্য কারো কাছে ক্ষমাও চাইব না। ’
অভিনেত্রীর এমন মন্তব্যের কারণ- বিভিন্ন সময়ই তার মসজিদ, কিংবা মন্দিরে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেন সমালোচকরা। মন্দিরে গেলে একদল মানুষ সারার শাস্তি দাবি করেন, আবার মসজিদে গেলে তাকে ক্ষমা চাইতে বলেন। তাদের জবাবেই সারার এই অবস্থান।
সারাকে প্রায়ই ধর্মীয় স্থানে দেখা যায়। নিজের ধর্মীয় যাত্রার নানা মুহূর্তই শেয়ার করেন তিনি। মন্দির হোক বা মসজিদ, সব কিছুতেই বিশ্বাস আছে সারার। তিনি স্পষ্ট করে বলেন, এটা তার পছন্দ। এজন্যে এ নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই।