দীর্ঘ ১o মাসের আইনি লড়াই অবশেষে থামল। জায়েদ খানকে হারিয়ে বাজি জিতে নিলেন চিত্রনায়িকা নিপুণ। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিত হয়ে গেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তারই দায়িত্ব পালন করবেন। জায়েদের পক্ষে দেওয়া রায় স্থগিত করে সোমবার (২১ নভেম্বর) এমনটাই জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ।
রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিপুণের আইনজীবীরা বলেছেন, ‘আপিল বিভাগের এই আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারই দায়িত্ব পালন করবেন।’ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিপুণও।
এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে নিপুণের আবেদনের প্রেক্ষিতে সেই রায় স্থগিত করে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা দেন চেম্বার আদালত।
সেই স্থিতিবস্থার মধ্যেই শিল্পী সমিতির দায়িত্ব পালন করায় নিপুণের বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি আদালত অবমাননার মামলা করেন জায়েদ খান। পরবর্তীতে নিপুণও জায়েদ খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।
গত ২৮ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। সেখানে ভোটে জিতেছিলেন জায়েদ খান। হেরেছিলেন নিপুণ। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ এবং টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন নিপুণ।