চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা চলচ্চিত্রের দিন দিন সুখবর পাওয়া যাচ্ছে। ঈদের মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি এখন পর্যন্ত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কোথাও কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না এবং গতকাল পর্যন্ত হাউজফুল গিয়েছে অনেক প্রেক্ষাগৃহে।
প্রহেলিকার পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ। দর্শকদের প্রতি গভীর ভালোবাসা, এখনো প্রহেলিকার সঙ্গে তারা আছেন।
তিনি আরও বলেন, অনেকেই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। এটা তো শুধু প্রহেলিকার জন্য না, বাংলাদেশের সিনেমার জন্যই সুখবর। আবার কোথাও কোথাও এখনো হাউজফুল হচ্ছে। এটি একটি রেকর্ড। সব মিলিয়ে প্রহেলিকা দর্শকদের ভালোবাসায় সিক্ত।
ঈদের দিন মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি শুরুতে অল্প কয়েকটি হলে প্রদর্শিত হচ্ছিল। তারপর ১৫টি এবং গত শুক্রবার থেকে ৬টি হল সংখ্যা বেড়েছে। এখন মোট ২১টি প্রেক্ষাগৃহে চলছে।
আগামী সপ্তাহ থেকে আরও হল বাড়ার সম্ভাবনা রয়েছে।
মাহফুজ আহমেদ দীর্ঘ ৮ বছর পর সিনেমায় ফিরেছেন। তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন মাত্রা। মনা চরিত্রে অভিনয় করে সব বয়সী দর্শকদের ভালোবাসা পাচ্ছেন তিনি।
অর্পা চরিত্রে অভিনয় করেছেন নায়িকা বুবলি। প্রহেলিকার দর্শকসাড়া পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, খুব খুশি আমি। পুরো টিম খুশি। আমার ক্যারিয়ারে নতুন একটি পালক যুক্ত হলো।