বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ কার্যালয়ে হামলার অভিযোগ

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে রাজধানীর বিজয় সরণিস্থ তেজকুনিপাড়ায় ঐক্য পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহিম বলেন, মানুষের অধিকার ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ বিগত ৫ বছর আগে ২০১৮ সালে প্রতিষ্ঠিত করা হয়। সারাদেশ থেকে সৎ ও ভাল মানুষ যারা সংসদ নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণ করছে বা করবে তাদের পাশে থাকাই ঐক্য পরিষদের মূল লক্ষ্য। আশা করি, আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০০ আসনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে সুশাসন ও মানবিক বাংলাদেশ গড়তে সক্ষম হবো। সেই লক্ষেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে শনিবার আনুমানিক রাত সাড়ে ৭ টায় ২৫/৩০ জন আওয়ামী সন্ত্রাসীবাহিনী ঐক্য পরিষদের মিটিং চলাকালীন সময় কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা অফিস ভাঙচুর করে এবং অনেককে মারধর করে। এসময় ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহিম, মো. আব্দুর রহমান রবি, নুরতাজ আরা ঐশী, উম্মে সালমা ঊশাসহ বেশ কয়েকজন আহত হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- মো. আব্দুর রহমান রবি, ক্যাপ্টেন আয়নুল হক, নূরজাহান বেগম প্রমুখ।