বাংলাদেশে ব্যাংকিং সেবা দিতে চায় রাশিয়ার এসবারব্যাংক

রাশিয়ান ব্যবসায়ীরা বর্তমানে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের জন্য পূর্ববিশ্বের দিকে নজর দিচ্ছে। তারই ধারাবাহিকতায় রাশিয়ার সবচেয়ে বড় ঋণদাতা এসবারব্যাংক জানিয়েছে, এটি বাংলাদেশে বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করা গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা প্রদানের সম্ভাব্যতা খতিয়ে দেখছে।

বাংলাদেশের গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, এসবারব্যাংক ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশে একটি শাখা খোলার বিষয়ে দুই দফা আলোচনা করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেন আক্রমণ করার পরে পশ্চিমা নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হয়েছিল এসবারব্যাংক। গত মাসে এটি তাদের অস্ট্রিয়ান সাবসিডিয়ারি বিক্রি করে দিয়ে ইউরোপের বাজার থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছে।

অনেক রাশিয়ান কোম্পানির মতো নতুন ব্যবসায়িক অংশীদার খোঁজার মতো এসবারব্যাংকও এশিয়ার দিকে ঝুঁকছে। এশিয়ায় অল্প কিছু দেশ মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সায় দিয়েছে।

এসবারব্যাংক-এর নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পপভ বলেন, ‘বাংলাদেশের কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করা রাশিয়ান গ্রাহকদের অনুরোধে এসবারব্যাংক ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য সব ধরনের সম্ভাবনা ও কাঠামোর বিষয়ে খতিয়ে দেখছে।’

রাশিয়া ডলারের বাণিজ্যের বিকল্প উপায় খুঁজছে। এসবারব্যাংক-এর একটি প্রতিনিধিদল ঢাকায় একটি শাখা খোলার বিষয়ে আলোচনার জন্য ইতোমধ্যে সফর করেছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।