বাংলাদেশে বিদ্যুতের আর কোনো সমস্যা থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ওয়াদা দিয়েছিলাম সব ঘরে ঘরে বিদ্যুৎ দেব, আজকে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পেরেছি।
বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, কয়লা ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ নিয়ে কয়েকদিন কষ্ট হয়েছে। এখন আমরা বিদ্যুৎ উৎপাদন আরও বৃদ্ধি করেছি। ভারত থেকে কিনে আনছি। নেপাল থেকেও কিনে নিয়ে আসবো। বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না।
তিনি আরও বলেন, গাইবান্ধায় বিশাল সোলার তৈরি করে দেওয়া হয়েছে। ২০০ মেগাওয়ার্ড বিদ্যুৎ সেখান থেকে আসবে। সেই ব্যবস্থা করেছি। আমি খালি হাতে আসিনি। আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। কিছুক্ষণ আগে আমি কতগুলো প্রকল্প উদ্বোধন করেছি। যাতে প্রত্যেকটা উন্নয়ন তরান্বিত হয় তার ব্যবস্থা করেছি। একই সঙ্গে এতো প্রকল্প কেউ করে দিয়েছে কী না আমি জানি না।